প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
আশাশুনিতে পটকা মাছ খেয়ে একজনের মৃত্যু: একই পরিবারের আরো ৪ জন অসুস্থ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় আজহারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ তিনজন ও নিহতের মাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে মুদি ব্যবসায়ী আজহারুল ইসলাম সোমবার সকালে বড়দল বাজারের মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে কাটা মাছ কেজি দরে কিনে বাড়িতে পাঠান। দুপুরে পরিবারের সদস্যরা ওই মাছ দিয়ে ভাত খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরায় নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক আজহারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
অসুস্থরা হলেন আজহারুল ইসলামের মেয়ে সোনালী (১১), ছেলে রমিম (৭), স্ত্রী ময়না ও মা রাশিদা (৬৫)। তারা বর্তমানে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত পটকা মাছ খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta