প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
আশাশুনিতে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ডের এক ইউপি সদস্য'র বিরুদ্ধে।
এঘটনায় উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে সাধারণ জনগণের মাঝে বিভিন্ন স্টুডিওতে ছবি তোলা ও মোবাইল সিম বিক্রয়ের দোকানে উপচে পড়া ভিড় করতে দেখা গেছে।
সরেজমিন গেলে একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়ালডাঙ্গা বাজারে সহস্রাধিক নারী-পুরুষ এনআইডি কার্ডের ফটোকপি, ২কপি ছবি এবং নতুন সিম কিনে বিকাশ নম্বর খোলা হচ্ছে।
এ ব্যাপারে জামালনগর গ্রামের ছকিনা, মনিরুল, আকলিমা সহ অসংখ্য ভুক্তভোগী জানান, ইউপি সদস্য রকিবুজ্জামান আমাদের বলেছে সবাই এনআইডি কার্ডের ফটোকপি, ২কপি ছবি এবং নিজ নামে নতুন সিম কিনে বিকাশ খুলে আমার কাছে দিয়ে যাবে। আমি তোমাদের সবাইকে কার্ড করে দেব।
আইসিটি কর্মকর্তা বড়দল ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আক্তার ফারুক বিল্লাহ বলেন, আমাদের এমন কোন নির্দেশনা আসেনি। অভিযুক্ত ইউপি সদস্য রকিবুজ্জামানের একটা অডিও বার্তায় পাওয়া গেছে ফ্যামিলি কার্ড তৈরি করার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ইউপি সদস্যের কাছে একাধিকবার ফোন দিলে ফোন কলটি রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, ফ্যামিলি কার্ডের কোন সরকারি নির্দেশনা আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। এমন ঘটনা আপনার মুখে শুনলাম। তবে যদি কেউ লিখিত অভিযোগ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta