কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় জড়িয়ে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর গ্ৰামের ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা নেছার আলী সরদারের ছেলে ইব্রাহিম সরদার।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, একটি পক্ষ পূর্ব পরিকল্পিত ভাবে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করে আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এতে তিনি ও তার পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেন।
ইব্রাহিম সরদার অভিযোগ করেন, তার ছেলে মাসুম সরদারের শ্যালক দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বিভিন্ন সময়ে পরিকল্পিত ভাবে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। তিনি বলেন, এসব মামলার কোনো বাস্তব ভিত্তি নেই এবং শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যেই মামলা গুলো করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তার ছেলে, স্ত্রী ও তাকে আসামি করে ঢাকার বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে তিনি দাবি করেন। এসব মামলার কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে সামাজিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউপ, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টুসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta