কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম তদারকিতে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন কালিগঞ্জ ফিলিং স্টেশন এবং স্টার ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি তেলের ওজন ও পরিমাপ সঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করেন। পাশাপাশি তেলের সংরক্ষণ ট্যাংক খুলে সরেজমিনে তেলের পরিমাণও যাচাই করেন। এ সময় মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স যাচাই সাপেক্ষে তেল সরবরাহের নির্দেশনা প্রদান করেন।
বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ইউএনও মিলন সাহা সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডল এবং স্টার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু।
সুষ্ঠুভাবে তেল বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য স্টার ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অভিনন্দন জানান ইউএনও। সংশ্লিষ্টদের আশা, প্রশাসনের এমন নজরদারি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta