খুলনা প্রতিনিধি: খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সহ-সভাপতি শেখ হারুনুর রশিদকে গুলি করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১৯ মে) নগরীর খানজাহান আলী রোড শান্তিধাম মোড়ে ঠিকাদার সমিতির অফিসে এ ঘটনা ঘটে।
আহত হারুনুর রশিদ (৬২) মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, মব করে আমাদের জায়গাটি দখল করে প্রতিপক্ষ। আমরা খুলনায় ও হাইকোর্টে মামলা করি। মামলায় আমাদের পক্ষে রায় হয়। এ পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আসন গ্রহণ করি। তারা কোনো আদালত মানে না। স্বপন এসে বলে আসো গোলাগুলি করি। তারা এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। আমার ছেলে বাধা দেওয়ায় ওই গুলি সরে গিয়ে হারুনুর রশিদের পায়ে লাগে।
তিনি আরও বলেন, শটগান দিয়ে গুলি করে তারা। মানিকতলা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী স্বপন, নিরালার ওয়েজুল ইসলাম, সোনাডাঙ্গার সরদার তকিবুল ইসলাম, হাফিজ, এরশাদসহ আরও লোক ছিল। যাদের নাম মামলার এজাহারে বলব।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজেদের মধ্যে কথাকাটাকাটির জেরে দুগ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষ হারুনুর রশিদকে গুলি করে। গুলিটি হারুনুর রশিদের ডান পায়ের রানে লাগে। কারা গুলির ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta