অনলাইন ডেস্ক: রাজধানীর চকবাজারের চাঁনখারপুল এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ওরফে ববি (২৯) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢাকেম) হাসপাতালের বার্ন ইউনিটের নার্স হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। চকবাজার থানার এসআই মো. কাউছার জানান, চাঁনখারপুল এলাকায় ভাড়া বাসায় স্বামী ইলিয়াস হোসেনকে নিয়ে বসবাস করতেন নাহিদা। ইলিয়াস পেশায় ব্যবসায়ী। নাহিদার বাড়ি সিরাজগঞ্জ সদরে।
এসআই কাউছার বলেন, রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাড়া বাসার দরজা ভেঙে নাহিদাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ সময় তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে রাত পৌনে ২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
নাহিদার ফুফাতো ভাই ফরহাদ রহমান দাবি করেন, নাহিদা ও তার স্বামী ইলিয়াসের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তার অভিযোগ, ইলিয়াস নাহিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ ঘটনায় গত বছরের জানুয়ারিতে ইলিয়াসের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন নাহিদা। ওই মামলায় গ্রেফতার হয়ে ইলিয়াস কিছুদিন কারাগারেও ছিলেন। পরে কারাগার থেকে বের হওয়ার পর তাদের মধ্যে আপস-মীমাংসা হয়।
ফরহাদ রহমান আরও বলেন, মৃত্যুর আগে নাহিদা একটি চিরকুট লিখে গেছেন। সেখানে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কথা উল্লেখ করেছেন বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় নাহিদা ও ইলিয়াস দুজনেই বাসায় আসেন এবং তাদের মধ্যে ঝগড়া হয়। পরে ইলিয়াস বাসা থেকে চলে যান বলে প্রতিবেশীদের কাছ থেকে তারা শুনেছেন। ঘটনার পর থেকে ইলিয়াসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজনরা।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta