অনলাইন রিপোর্ট: কুষ্টিয়ার কুমারখালীতে ছেলের আঘাতে বাবার মৃত্যুর পর অনুশোচনায় ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামের মৃত কুঞ্জলাল হালদারের ছেলে সম্ভুচরণ ও তার ছেলে বিজয় কুমার।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ছাগল বিক্রির টাকা নিয়ে বিজয় তার স্ত্রীকে মারধরের এক পর্যায়ে বিজয়ের বাবা সম্ভুচরণ বাধা দিলে বিজয় তার বাবাকে ধাক্কা দেন। এ সময় তার বাবা পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে বিজয় তাদের বাড়ির পিছনে বাদাম গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
বিজয়ের বড় ভাইয়ের স্ত্রী জানান, তার শ্বশুর অসুস্থ ছিলেন। বিজয় তার স্ত্রীকে মারধরের সময় তার বাবা বাধা দিলে বিজয় তাকে ধাক্কা দেন এবং তিনি পড়ে গিয়ে মারা যান। বিজয় তার বাবাকে মারধর বা বড় ধরনের আঘাত করেননি বলে জানান।
কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, বাবা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta