আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে ১০ বছরের এক নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কোয়েম্বাটুর জেলার সুলুর এলাকার কান্নামপালায়ম হ্রদের ধারে শিশুটির মরদেহ উদ্ধারের পর রাজ্যজুড়ে ক্ষোভ বাড়ছে, পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে উঠেছে।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘটনাটিকে ক্ষমাহীন অপরাধ উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে সরকার কোনও ধরনের আপস করবে না।
পুলিশ জানিয়েছে, বাড়ির কাছের একটি দোকানে জিনিস কিনতে গিয়ে নিখোঁজ হয় ওই নাবালিকা।পরে শুক্রবার (২২ মে) হ্রদের ধারে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে কার্তিক ও মোহন রাজ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পর বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম নতুন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন। তাদের অভিযোগ, সরকার পরিবর্তনের পরও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। অন্যদিকে বিজেপি এই ঘটনায় পূর্বতন সরকারের সমালোচনা করেছে। বিজেপি নেতা নারায়ণন তিরুপতি দাবি করেছেন, আগের সরকারের সময় থেকেই আইনশৃঙ্খলা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং বর্তমান পরিস্থিতি তারই ফল।
ঘটনার পর স্থানীয় এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। নারী ও শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্যজুড়ে। পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন সরকার ক্ষমতায় আসার পর এমন নৃশংস ঘটনা তামিলনাড়ুর রাজনীতিতে বড় চাপ তৈরি করেছে। এখন সাধারণ মানুষের নজর, সরকার কত দ্রুত বিচার নিশ্চিত করতে পারে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta