নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াটার জাস্টিস ফান্ডের সহযোগিতায় এবং উত্তরণ বাস্তবায়িত উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি বলেন, জলাবদ্ধতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্যতম প্রধান সমস্যা। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের দুর্ভোগ কমবে এবং কৃষি ও পরিবেশের উন্নয়ন ঘটবে। এ কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বেসরকারী সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা খাল সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং স্থানীয় জনগণের জীবন মান উন্নত হবে।
আয়োজকরা জানান, খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের সর্বমোট খরচ ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta