তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় হিরন্ময় মন্ডল (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকন্যা নিশিতা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর গাছা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হিরন্ময় মন্ডল তালা উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক এবং মাদরা গ্রামের হরিপদ মন্ডলের ছেলে। ঘটনার পর আহত বাবা-মেয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
ভুক্তভোগী শিক্ষক জানান, সকালে মেয়ের পাসপোর্ট তৈরির কাজে মোটরসাইকেলে করে সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হলে দলুয়া জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে সজীব সরদার (৩২) নামের এক যুবক তার গতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সজীব আরেকটি মোটরসাইকেলে পিছু নিয়ে তার মেয়ের হাত টেনে ধরে এবং মাথায় আঘাত করে।
পরে কৃষ্ণনগর–গাছা ব্রিজের কাছে পৌঁছালে সজীব তাকে আটকিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে হিরন্ময় মন্ডল মাটিতে পড়ে গেলে তার বুকে লাথি মারা হয় এবং দেহ তল্লাশি চালিয়ে পকেটে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারী তাকে হুমকি দিয়ে বলে, দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল এবং টাকা না দিলে এলাকায় থাকতে দেবে না।
তিনি আরও জানান, অভিযুক্ত সজীব সরদার খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের খালেক সরদারের ছেলে এবং এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। এর আগেও নেশার টাকার জন্য ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় বা আসন্ন নির্বাচনের সম্পর্ক নেই বলেও জানান তিনি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, একজন কলেজ শিক্ষক ও তার শিশুকন্যার ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। অভিযুক্ত যুবককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, বিষয়টি জেনেছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta