দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩৪ বোতল ভারতীয় ফেয়ারডিল মাদক উদ্ধার করা হয়েছে। উপজেলার হাদীপুর এলাকায় রশিদের ইটভাটা সংলগ্ন স্থান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) রাত প্রায় ১০টার দিকে ইটভাটার পেছন দিক দিয়ে ৬/৭ জন ব্যক্তি মাথায় বস্তা বহন করে মেইন রাস্তার দিকে যাচ্ছিল।
এসময় স্থানীয় কয়েকজন যুবক তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করে। পরে অভিযুক্তরা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ওহিদুজ্জামান জানান, তিনি রাস্তার পাশে বসে ছিলেন। হঠাৎ কয়েকজনকে মাথায় বস্তা নিয়ে যেতে দেখে তাদের পরিচয় জানতে চান। এসময় তারা দ্রুত এগিয়ে যায় এবং পরে ইট তুলে তাকে আক্রমণের চেষ্টা করে। তিনি বিষয়টি বন্ধুদের জানালে স্থানীয় যুবকরা সেখানে ছুটে আসে। তখন মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।
স্থানীয় যুবক ইব্রাহিম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলের কাছে গিয়ে একটি সাদা প্রাইভেটকার দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা এগিয়ে গেলে গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে উদ্ধারকৃত বস্তা খুলে গণনা করে ২৩৪ বোতল ভারতীয় ফেয়ারডিল মাদক পাওয়া যায়।
এ ঘটনায় দেবহাটা থানার এসআই নকীব পানু বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৫, তারিখ: ২৬/০৫/২০২৬ ইং।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে হাদীপুর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “মাদক ব্যবসায়ীরা রাষ্ট্র ও সমাজের শত্রু। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।”
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta