দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় বিভিন্ন চিংড়ি ডিপোতে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি পুশকৃত (জেলি মিশ্রিত) বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (০৮ জুন ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা।
অভিযানকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং দেবহাটা থানার পুলিশ সদস্যরা। অভিযানে পারুলিয়া এলাকার বিভিন্ন চিংড়ি ডিপোতে তদারকি চালিয়ে প্রায় ২৫ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে ভোক্তা স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জব্দকৃত চিংড়িগুলো ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চিংড়িতে ক্ষতিকর উপাদান মিশিয়ে ওজন বৃদ্ধি করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিরাপদ মাছ ও চিংড়ি উৎপাদন নিশ্চিত করা এবং ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta