আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে তারা ইসলামাবাদে পৌঁছান। এ তথ্য দিয়েছে ইরানের সংবাদমাধ্যমগুলো।
ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
ইসলামাবাদে পৌঁছানোর পর প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
এদিকে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। মেরিল্যান্ডের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেস থেকে যাত্রার প্রাক্কালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কূটনৈতিক মিশন নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন পাকিস্তানের এই বৈঠকের দিকে। এই আলোচনার মাধ্যমেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা এবং দীর্ঘস্থায়ী শান্তি। এই সফরটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা প্রশমনে একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। সব ঠিক থাকলে শনিবার সকালে ইসলামাবাদে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিধিনিদল।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta