পাটকেলঘাটা (তালা, সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।
বৃহস্পতিবার ২০ নভেম্বর ‘রাতে সাতক্ষীরা র্যাব-৬ ও যশোর-৩ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ নগদ ৩ লাখ ৩৯ হাজার ৬ শত টাকার জাল নোট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে যশোর জেলার মনিহার সিনেমা হল সংলগ্ন একটি চায়ের দোকান থেকে কোতয়ালী মডেল থানার পুলিশ ৯০ হাজার টাকার জাল নোটসহ পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে ইব্রাহিমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মালামাল সহ আসামিকে শুক্রবার (২১ নভেম্বর) সকালে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। যশোর কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta