স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হবে তফসিল ঘোষণার ৩০ দিনের মধ্যে। তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি। সোমবার কমিটির তৃতীয় সভায় সিদ্ধান্ত হয়েছে তিনজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। তবে সেই তিনজন কারা সেটা চূড়ান্ত হয়নি। একই সঙ্গে সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময় বেঁধে না দেওয়া হলেও সাতদিনের মধ্যে কাউন্সিলর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থাগুলো এখনো আগের কমিটিতে চলছে। তবে জেলা প্রশাসক নিজের ক্ষমতাবলে চাইলে সাবেক ক্রিকেটার, অধিনায়ক কিংবা ক্রীড়া সংগঠককে কাউন্সিলর করতে পারেন। তারা জেলা ক্রীড়া সংস্থার সদস্য না হলেও কাউন্সিলর হতে পারবেন।
এদিকে আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটিতে থাকা মির্জা সালমান ইস্পাহানীদের বিলুপ্ত করছেন বিসিবির অ্যাডহক কমিটিতে থাকা সালমান ইস্পাহানীরাই! সালমান ইস্পাহানীকে রেখে চট্টগ্রামের আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটিতে রাখা হয়েছিল। আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে যাওয়ার পর বিসিবির অ্যাডহক কমিটিতেও রয়েছেন সালমান। এই কমিটির তৃতীয় সভায় কাল সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার পূর্বঘোষিত অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবির পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রথম ধাপ হিসাবে, বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ ধারা অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি দেওয়া হবে। পরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব অনুমোদন করেছে বোর্ড। এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি থাকবেন। বাকি দুজন সদস্য বিসিবি কর্তৃক মনোনীত হবেন। এছাড়া আগামী দুই বছরের জন্য বিসিবির অফিশিয়াল ড্রিংকিং ওয়াটার এবং বেভারেজ পার্টনার হিসাবে ‘কোকা-কোলা বাংলাদেশ’কে অনুমোদন দিয়েছে বোর্ড।
সভার পর বোর্ড প্রধান তামিম ইকবাল ও অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা মিরপুর স্টেডিয়ামের স্কোর বোর্ড দেখতে যান। সাবেক ক্রিকেটারদের জন্য একটি লাউঞ্জ করার সিদ্ধান্ত হয়েছে। তামিম বলেন, ‘ইংল্যান্ডের লর্ডসের মতো করার চেষ্টা। খেলা না থাকলেও সাবেক ক্রিকেটাররা এখানে এসে আড্ডা দিতে পারবেন চা-কফি খেতে পারবেন। সুন্দর ভিউ থাকবে। হয়তো তিন মাসের মধ্যে এটা হয়ে যাবে। তাদের কাছে কার্ড থাকবে। সেটা দিয়েই ঢুকতে পারবেন।’
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta