শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনকর্মীর গুলিতে এক জেলের মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা চট্টগ্রাম জেলার জোবায়গঞ্জ উপজেলার মিঝিগ্রামের আহম্দে রহমানের ছেলে ফজলুল হক বাদী হয়ে শ্যামনগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় গাবুরার আবুল কালাম, ইয়াছিন আরাফাত, আবরিয়া হোসেনসহ ২৩জন ও অজ্ঞাতনামা ৩৫০জনকে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৮ মে ভোরে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোষ্টা হেলাবাসী অভয়রান্য এলাকায় একটি জেলে নৌকা দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে বনবিভাগের একটি টহল বোর্ড। মাঝ ধরার ট্রলারটি বনকর্মীদের ডাকে সাড়া না দেওয়ায় গুলি চালালে গাবুরার আমিনুর রহমান নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
দুপুরে লাশ এলাকায় ফিরিয়ে আনা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে লাশ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসি বুড়িগোয়ালিনি স্টেশন ঘেরাও করে বিক্ষোভ দেখায়। একপর্যায়ে তারা বুড়িগোয়ালিনি স্টেশনে ঢুকে ভবন ও আসবাবপত্র ভাঙচুর চালানো শুরু করলে বনকর্মীরা বাধা দেয়। এ সময় বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলেছার আলী ও ফয়জুর রহমানকে পিটিয়ে জখম করে গ্রামবাসি। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে ভর্তি করে। মামলায় চার লাখ টাকার মালামাল চুরি ও ভাংচুরের কথা উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক অনিরুদ্ধ রায় জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta