নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত ধানের শীষের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশ ও র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
সমাবেশকে ঘিরে সকাল থেকেই সাতক্ষীরা সদর উপজেলার সর্বত্র উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ইউনিয়নের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে মিছিল নিয়ে পার্কমুখী হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল হাসান, জেলা কৃষকদলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শের আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে এম আবু রায়হান, জেলা যুবদলের আইনুল হক নান্টাসহ শহর ও সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নানা পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের মতামত, স্থানীয় প্রতিবেদন ও দীর্ঘ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমাদের মনোনয়ন দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। ধানের শীষকে বিজয়ী করা মানে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং তারেক রহমানের নেতৃত্বকে সুদৃঢ় করা। এজন্য আমাদেও সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজে করে সাতক্ষীরার ৪টি আসনে বিএনপির প্রার্থীদেও বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, সাতক্ষীরার মানুষের ভালোবাসা ও সমর্থন আজ প্রমাণ করেছে- এই জনপদ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, উন্নয়ন চায়। আমি বিশ্বাস করি, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে।
সমাবেশকে সফল করতে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় স্লোগানে পার্কের দিকে অগ্রসর হয়। প্রত্যেকটি ইউনিয়ন থেকেই হাজার হাজার নারী-পুরুষ ও যুবক-যুবতীরা অংশগ্রহণ করে সমাবেশকে জনসমুদ্রে রূপ দেন।
সমাবেশস্থল শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ আশপাশের সড়ক ও এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে পুরোপুরি পরিপূর্ণ হয়ে পড়ে। পুরো এলাকা জুড়ে স্লোগান, ব্যানার, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে তৈরি হয় উৎসবমুখর এক পরিবেশ।
সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিশাল মিছিল সাতক্ষীরা নিউ মার্কেট হয়ে খুলনা রোডের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহ স্লোগানে স্লোগানে মুখরিত হয়।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta