নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুই গ্রুপের পাল্টাপাল্টি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় ও হাটের মোড় থেকে পৃথক পৃথক দুটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক গ্রুপ শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। অপর গ্রুপ শহরের হাটের মোড় এলাকায় সমাবেশ করেন।
র্যালিতে এক গ্রুপে নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। অপর গ্রুপে নেতৃত্ব দেন, সাবেক জেলা যুবদলের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল। মুকুল গ্রুপে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এসময় দুই গ্রুপে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, শাহ কামরুজ্জামান, যুবদল নেতা শফিকুল আলম বাবু, মোহাম্মদ ফরিদ উদ্দীন, আলিমুজ্জামান আলীম, শেখ সেলিম, মনিরুজ্জামান প্রিন্স, মোস্তফা হোসেন মন্টু প্রমুখ।
বক্তারা এসময় বলেন, সাতক্ষীরার যুবদল আজ সুসংগঠিত। যুবদলের সর্বোচ্চ অভিভাবক দেশনায়ক তারেক রহমান। তার সৈনিক হিসেবে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
র্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগান নিয়ে অংশ নেন।
পুরো শহরজুড়ে এসময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta