সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের সীমানায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত গেজেট অনুযায়ী, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে।
চূড়ান্ত গেজেট অনুযায়ী—
তালা ও কলারোয়া নিয়ে সাতক্ষীরা-১ আসন,
সদর ও দেবহাটাকে যুক্ত করে সাতক্ষীরা-২ আসন,
কালীগঞ্জের সাথে আশাশুনি মিলে সাতক্ষীরা-৩ আসন,
এবং শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা-৪ আসন গঠন করা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন দাবি-আপত্তি, সুপারিশ ও শুনানির ভিত্তিতে প্রাথমিক তালিকায় প্রয়োজনীয় সংশোধন এনে জাতীয় সংসদের ৩০০ আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
এদিকে, ইসির গেজেট প্রকাশের পর স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল আবসার মোর্তজা আলী প্রতিক্রিয়ায় বলেন, “আশাশুনির সঙ্গে কালীগঞ্জ যুক্ত হওয়ায় মন্দের ভালো হয়েছে। তবে দেবহাটার সাথে যুক্ত হলে আরও ভালো হতো।”
অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম বলেন, “পূর্বের প্রস্তাবিত খসড়ার চেয়ে এবারের আসন বিন্যাস অনেকটা ভালো হয়েছে। আমি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছি। দল চাইলে মানুষের খেদমতে কাজ করে যাব।”
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta