স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী কাফু মনে করছেন, এবারের বিশ্বকাপই পাঁচবারের চ্যাম্পিয়নদের শিরোপা ফেরানোর সেরা মুহূর্ত। সোমবার মাদ্রিদে লরেয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
কাফু নিজে ২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক ছিলেন। সেবার ইয়োকোহামায় জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জেতে ব্রাজিল। এর আগে ১৯৯৪ সালেও ইতালিকে পেনাল্টিতে হারিয়েও বিশ্বকাপ জিতেছিলেন তিনি।
তিনি বলেছেন, ‘শেষবার শিরোপা জেতার ২৪ বছর পর আমি মনে করি এটাই ব্রাজিলের জন্য সেরা মুহূর্ত।’
কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে তার আস্থার কথাও জানালেন কাফু। বললেন, ‘আমরা একজন ধারাবাহিকভাবে শিরোপাজয়ী কোচকে এনেছি। তিনি ব্রাজিল জাতীয় দলের মহিমাকে আরও বাড়াবেন।’
কাফু জানান, ব্রাজিলের মধ্যমাঠ ও আক্রমণভাগ আগে থেকেই শক্তিশালী। তাই আনচেলত্তি এবারের বিশ্বকাপের জন্য রক্ষণ শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছেন। এ প্রসঙ্গে কাফু বলেছেন, ‘ব্রাজিল যদি বিশ্বকাপে গোল না খায়, তাহলে প্রতি ম্যাচে একটি গোল করতে পারবেই।’
রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও আশাবাদী কাফু। তিনি বলেছেন, ‘বিশ্বকাপই যেকোনো বিতর্ক কাটিয়ে ওঠার সেরা উপায়।’ তিনি আরও বলেছেন, ‘আটটি ম্যাচে (যদি ফাইনালে পৌঁছান) ভিনিসিয়ুস জুনিয়র সারা বিশ্বকে দেখাতে পারবেন, ফুটবলে তার মূল্য কতটা এবং তিনি আসলে কী করতে পারেন।’
গত ১ এপ্রিল অরল্যান্ডোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। এর আগে ফ্রান্সের কাছে প্রীতি ম্যাচে হারের পর যে সংশয় তৈরি হয়েছিল, সেটি কিছুটা কাটতে শুরু করেছে এই জয়ে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে ব্রাজিল। বাজি প্রতিষ্ঠানগুলোর হিসেবে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta