আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। সর্বশেষ অভিযানে ২০ জন শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন প্রভাবশালী ধর্মীয় আলেমও রয়েছেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বাহরাইনের পুলিশ একাধিক বাড়িতে অভিযান চালিয়ে সাইয়্যেদ ইয়াসিন মুসাভি, শাইখ আলী আল-মুস্তারিশদ, শাইখ জাফর আশুর, শাইখ নাজির মালিক এবং শাইখ মাহমুদ তাহেরিকে আটক করে।
মানবাধিকার সংগঠন আমেরিকানস ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাহরাইন জানিয়েছে, সর্বশেষ এই গ্রেফতারের ফলে মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত আটক হওয়া শিয়া নেতা ও ধর্মীয় ব্যক্তিত্বের সংখ্যা অন্তত ৫৩ জনে পৌঁছেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে ‘কার্যকরী যোগাযোগ’ বজায় রাখার অভিযোগ এনেছে।
তবে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ২০০৬ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিস্তৃত বিধান ব্যবহার করে কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ধর্মীয় বক্তব্য এবং ভিন্নমতকে অপরাধ হিসেবে উপস্থাপন করছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে কোনো যাচাই সম্ভব হয়নি। তবে ঘটনাটি দেশটিতে শিয়া সম্প্রদায়ের ওপর সরকারের দমন-পীড়ন নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: আল-জাজিরা
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta