তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চকপরানপুর গোদারপোতা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর ইউনিয়নের দরী সৈয়দদুল্লাপুর, চকপরানপুর, চক রামগোবিন্দপুর ও দত্তনগর মৌজায় অবস্থিত মদামারী খালটি বাইনতলা থেকে শুরু হয়ে সাবেক ইউপি সদস্য সাইনা কাশেমের বাড়ি পর্যন্ত বিস্তৃত। খালটির পশ্চিম অংশ মাদার মোড়ল পর্যন্ত বিস্তৃত রয়েছে। দীর্ঘদিন ধরে খালটির পানি নিষ্কাশন ব্যবস্থা ও এলাকার সড়কের বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি চলাচলের রাস্তাটিও সংস্কারের অভাবে জনসাধারণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে থাকা ও রাস্তায় চলাচলে নানা সমস্যার সৃষ্টি হয়। দ্রুত খালটির পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং রাস্তাটি সংস্কার করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
বক্তারা আরও বলেন, জনস্বার্থে দ্রুত খালটির পানি প্রবাহ স্বাভাবিক করা এবং চলাচলের রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. মজিবুর রহমান, বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, সহসভাপতি আব্দুর রহমান, আব্দুল মাজেদ, আব্দুল কাদের, আবু মুসা, রবিউল ইসলাম, আব্দুস সাত্তার, শহিদুল আলম, শ্যামাপদ রায়, সুবল চন্দ্র মণ্ডল, নিরঞ্জন কুমার মণ্ডল, আশুতোষ, আব্দুল্লাহ আল মামুন ও আহমেদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, মদামারী খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য উপজেলা ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta