
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের লেবুখালী ও নারায়নবাড়ী খালের পুনঃ খনন কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের কাছে খনন কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের সহযোগিতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খুলনা, সাতক্ষীরা ও বাঘেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাল দু’টির প্রায় ২ কিঃমিঃ পুনঃ খনন করা হবে। মেশিনের সাহায্যে খনন কাজ পরিচালনা করা হবে। খনন কাজের উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস ও বিএডিসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইবনে সিনা। খাল দু’টির খনন কাজ শেষ হলে খালের গভীরতা/নাব্যতা ফিরে আসবে এবং কমপক্ষে নতুন করে ৫/৭ শত বিঘা জমির ফসল উৎপাদন সম্ভব হবে। সাথে সাথে এলাকার পয়ঃ নিস্কাশন সমস্যা দূর হবে।