
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা নামাজ ও গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জোহর কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী–এর একটি চৌকস দল, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে এই বীর সন্তানকে শেষ বিদায় জানানো হয়। পরে কালিগঞ্জ মহৎপুর সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্যঃ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মরহুম আব্দুল গফফার (৭৬) (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।