
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ঘেরে মাছ চুরি সন্দেহে এক মাছের ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ মন্ডল (৫২) তালা সদরের জেয়ালা গ্রামের মৃত. মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।
নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল জানান, জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে মাছ চুরির সন্দেহে রাত ৩ টার দিকে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন জেয়ালা শশ্মান ঘাট এলাকায় গাছে বেঁধে গণপিটুনি দিয়ে হাত, পা ভেঙে দেয়, মাথায় কোপায়। চোঁখ তুলে নেওয়ার চেষ্টা করে। রাত তিনটা থেকে ভোর পর্যন্ত এভাবেই মারপিট চলতে থাকে।
তিনি বলেন, সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা ১২টার দিকে মারা যায়। আমার চাচাতো ভাই ক্ষিতিশ মন্ডল মাছের ঘের ব্যবসায়ী। তার চার বিঘা মাছের ঘের রয়েছে। চুরি সন্দেহে একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে ?
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মহসিন আলী জানান, ঘেরে মাছ চুরি সন্দেহে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তালা থানার মামলার প্রস্তুতি চলছে।