
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় মাদক সংক্রান্ত অভিযানে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়া থানা পুলিশ দলের সদস্যদের উদ্ধার করেছে পুলিশ। পরে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গতকাল রবিবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি টের পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—হাজরাকাটি গ্রামের মো. ফারুক বিশ্বাস (পিতা: মৃত আফাজ বিশ্বাস), রফিকুল বিশ্বাস (পিতা: নূর ইসলাম বিশ্বাস) এবং রাশেদ খাঁ (পিতা: মোসলেম খাঁ)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বাক্কার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজরাকাটি বাজারে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর চড়াও হওয়া এবং অসৌজন্যমূলক আচরণ করার অপরাধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদক কারবারিদের এমন বেপরোয়া আচরণ আইন প্রয়োগকারী সংস্থার জন্য উদ্বেগের বিষয়। যুবসমাজ রক্ষায় এবং সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসব অপরাধে যুক্ত মূল কারবারি ও গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।