
শাহিন বিশ্বাস (তালা, সাতক্ষীরা) পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কলিয়া বাজারে ইউনিয়ন যুবদলের ভাড়া নেওয়া আঞ্চলিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে উসকানি দেওয়ার দাবি করেছেন যুবদল নেতারা।
তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ জানান, রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলে সেখানে নতুন তালা লাগানো হয়। সকালে গিয়ে তিনি দেখেন, দলীয় ব্যানার-পোস্টার বাইরে ফেলে রাখা হয়েছে এবং অফিস কক্ষে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
দোকানঘরের মালিক ইমরুল কবির বলেন, ৮২১ ও ৮২২ দাগভুক্ত দোকানঘরটি তিনি যুবদলকে ভাড়া দিয়েছিলেন এবং সেটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তার অভিযোগ, স্থানীয় জামায়াত নেতা ও গ্রাম ডাক্তার আবতাফ উদ্দিনের ইন্ধনে ভোরে দোকানটি দখল করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, দোকানঘর নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং দলিল, খাজনা ও রেকর্ড তাদের নামে আছে। এ মামলায় ইয়াছিন মোড়ল, ইসহাক মোড়ল ও আয়ুব মোড়ল বিবাদী বলে জানান তিনি।
অন্যদিকে, যুবদল নেতা সবুজ অভিযোগ করেন, আবতাফ উদ্দিন, নুরুল ইসলাম (নুরু), ইয়াছিন মোড়ল, ইসহাক মোড়ল ও আয়ুব মোড়লসহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কার্যালয় দখলে জড়িত। ঘটনার নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইয়াছিন মোড়ল। তার দাবি, দোকান ও জমি তার কেনা সম্পত্তি। কয়েক মাস আগে ইমরুল কবির যুবদলের কাছে ভাড়া দেন, যা তিনি নিজের সম্পত্তি দখল হিসেবে দেখছেন। তাই রবিবার সকালে তিনি সেখানে তালা দেন এবং নিজে ব্যবসা পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাকেও মিথ্যা বলে দাবি করেন তিনি।