
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাগুরা এলাকা থেকে বোরকা পরা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম কোহিনুর বেগম (৩৪)। তিনি সাতক্ষীরা সদর উপলোর খেলার ডাঙগী এলাকার মনসুর আলী’র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা এলাকার বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের কর্মচারী শরিফুল ইসলাম সকালে ভ্যানে বালু লোড করার সময় স্থানীয় একটি দোকানের পেছনে যান। এ সময় ডোবার পানিতে ওই নারীর লাশ ভেসে থাকতে দেখে তিনি মালিক আলমগীর হোসেনকে বিষয়টি জানান। আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হয়ে তাৎক্ষণিক পুলিশে খবর দেন।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য তা সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।