
নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিএনপি ও জামায়াতের মধ্যকার দ্বিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসল ১১-দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীরাই।
বিজয়ী প্রার্থীরা হলেন— সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা): মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): মুহাদ্দিস রবিউল বাসার, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক): জি এম নজরুল ইসলাম।
উৎসবমুখর ভোট ও কড়া নিরাপত্তা বৃহস্পতিবার সকাল থেকেই জেলার ৬০৯টি কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটারের এই জেলায় দীর্ঘ সময় পর অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত শক্তিশালী নিরাপত্তা বলয়।
জামায়াত আমিরের পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী কোনো প্রার্থীর অনুসারীদের বিজয় মিছিল বা স্লোগান দিতে দেখা যায়নি। তিনি আগেই বলেছিলেন, নেতা-কর্মীদের বিজয় উল্লাস নয়, ফলাফল আসার পরপরই শোকরানা সিজদা করতে।
রাজনৈতিক সমীকরণ বিশ্লেষকরা বলছেন, সাতক্ষীরা জেলা ঐতিহাসিকভাবেই জামায়াতের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ সালের নির্বাচনেও এই জেলায় জামায়াত তিনটি আসনে জয়ী হয়েছিল।