
অনলাইন ডেস্ক: সংসদ অধিবেশন শুরুর দিনেই ওয়াকআউট করতে যাচ্ছেন জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদলের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে তারা ওয়াকআউট করবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশন শুরুর পর বিরতিতে এমন ইঙ্গিত দিয়েছেন বিরোধীদলের একজন সংসদ সদস্য।
নাম প্রকাশ না করার শর্তে এই সংসদ সদস্য ঢাকা মেইলকে বলেন, রাষ্ট্রপতি বক্তব্য দেওয়ার সময় আমাদের ওয়াকআউট করার সিদ্ধান্ত আছে।
অধিবেশনের শেষ দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম মুলতবি করা হবে। তবে এই ভাষণ ঘিরেই আগেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। বিএনপি কেন তাকে ভাষণ দিতে দিচ্ছে, তা আমরা বুঝতে পারছি না। আমাদের অবস্থান সংসদেই পরিষ্কার হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, এই ইস্যুকে কেন্দ্র করে প্রথম দিনেই সংসদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।
বিইউ/এএস