
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে শোক, শ্রদ্ধা আর আগামীর শপথের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। দিবসের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে বেজে ওঠে সেই চিরচেনা সুর— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বিদ্যালয়টিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শিক্ষক ও শিক্ষার্থীদের পোশাকে ছিল শোকের কালো ব্যাজ। এরপর নগ্ন পদযাত্রায় একে একে সবাই সমবেত হন শহীদ মিনারের পাদদেশে। স্কুলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন:
”একুশ মানে মাথা নত না করা। আমাদের মেয়েরা যেন কেবল পাঠ্যবইয়ে নয়, বরং হৃদয়ের গহীনে একুশের চেতনাকে লালন করে। এই ভাষা দিবসের মাহাত্ম্য তখনই সার্থক হবে, যখন আমরা প্রতিটি ক্ষেত্রে শুদ্ধ বাংলার চর্চা বজায় রাখতে পারব।”
সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মহান একুশের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল। স্মৃতিচারণ ও আলোচনা অংশ নেন সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, খালেদা খাতুন, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, আজহারুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ ভাগে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম।