
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় একটি ইটবাহী ট্রলি কেড়ে নিল অষ্টম শ্রেণির ছাত্র সজীব হোসেনের (১৫) প্রাণ। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। সে স্থানীয় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সবাই যখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই সজীব বাইসাইকেলে করে নিজ গ্রাম আগুনপুর থেকে কলারোয়া সদরের বাসায় আসছিল। আলাইপুর খাঁপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী দ্রুতগতির ট্রলি তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সজীব ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে পিষ্ট হয়। পথচারীরা দ্রুত উদ্ধার করে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছেলের অকালমৃত্যুর খবরে সজীবের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি অবৈধ যানবাহনের বেপরোয়া গতি কেড়ে নিল এক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন।
কয়লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কলারোয়া থানা-পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে।