
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক একসময় ছিল স্থানীয় ও দূর-দূরান্তের দর্শনার্থীদের কাছে পরিচিত ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর পাড়ঘেঁষা মনোরম পরিবেশ এবং অবসর কাটানোর উপযোগী স্থান হওয়ায় এলাকাটির নাম-খ্যাতি ছড়িয়ে পড়েছিল জেলাজুড়ে। তবে বর্তমানে যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে ইকোপার্কটি পড়েছে চরম অবহেলায়।
সরেজমিনে দেখা গেছে, পার্কের অভ্যন্তরের রাস্তা ভাঙাচোরা, বসার স্থান ও অবকাঠামো নষ্টপ্রায়, কোথাও কোথাও আগাছায় ঢেকে গেছে চলাচলের পথ। সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত বিভিন্ন স্থাপনা ও ল্যান্ডস্কেপিং এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। নেই নিয়মিত পরিচর্যা কিংবা নিরাপত্তা ব্যবস্থা।
স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি ধীরে ধীরে তার আকর্ষণ হারাচ্ছে। অনেকেই মনে করেন, যথাযথ সংস্কার ও পরিকল্পিত ব্যবস্থাপনায় বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক আবারও কালিগঞ্জের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার কার্যক্রম গ্রহণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে পর্যটন বিকাশের মাধ্যমে স্থানীয় অর্থনীতিও নতুন গতি পাবে। এখনই উদ্যোগ না নিলে কালের গর্ভে হারিয়ে যেতে পারে কালিগঞ্জের এই সম্ভাবনাময় পর্যটন সম্পদ।