
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এ মানবিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার- ভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এসব উপহার একই দিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
উপহার সামগ্রী পেয়ে অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেউ যাতে কষ্টে না থাকে, সে লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, যুব বিভাগের সভাপতি মাওলানা আনারুল ইসলামসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক উপকারভোগীর উপস্থিতি ছিল লক্ষণীয়। ঈদের উপহার পেয়ে তাদের মুখে আনন্দের উচ্ছ্বাস ফুটে ওঠে।