
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযানে মোঃ আলতাফ হোসেন (ওরফে গাঁজা সম্রাট) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম। গ্ৰেফতারকৃত আলতাফ হোসেন ইউনিয়নের বেউলা গ্ৰামের মৃত আয়ুব হোসেনের ছোট ছেলে।
শনিবার সন্ধ্যা ৬টায় অভিযান পরিচালনার সময় আলতাফ হোসেনকে ১শ গ্রাম গাঁজা ও নগদ ৪ হাজার ৮ শত টাকাসহ তাকে আটক করা হয়।
এরপর একই অভিযানের অংশ হিসেবে মাদক সেবী ও ক্রেতা উপজেলার মহেশ্বরকাটি এলাকার অশোক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়।
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিমের নেতৃত্বে ও ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালিত হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক উদ্যোগ কামনা করেছেন।