
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুলভমূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় আশাশুনি বাজারের বাদশা হোটেল সংলগ্ন বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম দিন ভর্তুকি মূল্যে ২৫ কেজি দুধ ও ৩০০ পিস ডিম বিক্রয় করা হয়। দুধ প্রতি কেজি ৬০ টাকা এবং বড় আকারের ডিম ৩০ টাকা হালি ও ছোট ডিম ২৮ টাকা হালি দরে বিক্রয় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মাস ব্যাপী আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে এ ধারা অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাপ্তি বৃদ্ধি করা হবে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং করা হবে, যাতে নিত্য পণ্যের পাশাপাশি প্রাণিজ আমিষের যোগান ও মূল্য স্থিতিশীল রাখার সম্ভব হয়। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল সালাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল উপস্থিত ছিলেন।