
স্পোর্টস ডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে সিডনিতে গ্রেফতার হয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম মঙ্গলবার এ খবর দিয়েছে। খবরে বলা হয়, ব্রিদ অ্যানালাইজার যন্ত্র দিয়ে পুলিশ পরীক্ষা করার সময় দেখা যায়, ৩৯ বছর বয়সি ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয়বারও পরীক্ষায় তিনি পজিটিভ হন। নিউ সাউথ ওয়েলসে রক্তে যে মাত্রায় অ্যালকোহল থাকার অনুমোদন রয়েছে, ওয়ার্নারের শরীরে তার দ্বিগুণ ছিল। ঘটনা রোববারের। গতকাল তার শুনানি হওয়ার কথা।
সাবেক অস্ট্রেলীয় ওপেনার ওয়ার্নার এখনো ফ্র্যাঞ্চাইজি টি ২০ ক্রিকেট খেলে যাচ্ছেন। সবশেষ তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলেছেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে ১১২ টেস্টে ৮,৭৮৬ রান করেছেন।