
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ২টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
প্রবন্ধে তিনি বলেন, সঠিকভাবে যাকাত ব্যবস্থাপনা বাস্তবায়ন করা গেলে সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর আর্থিক স্বনির্ভরতা অর্জন সম্ভব। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক ও পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর নাসির উদ্দিন। এছাড়াও বাইতুল মাল সেক্রেটারি আবু রাসেল আশকারী বক্তব্য রাখেন।
সেমিনারে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।