
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলায় রবিবার (৮ মার্চ) দুপুরে কৃষ্ণনগর এলাকায় এক বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আনুমানিক ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মৌতলা গ্রামের মৃত মোঃ ওলি আহম্মেদের পুত্র, ৩৫ বছর বয়সী মো. মোকলেছুর রহমান স্থানীয় বিকাশ এজেন্ট। স্থানীয়দের বরাত অনুযায়ী, দুপুর ২টার দিকে মোটরসাইকেলযোগে কৃষ্ণনগর বাজারের পথে যাওয়ার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়।
দুর্বৃত্তরা মোকলেছুরকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয়ে নগদ টাকাভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। হামলায় তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর কৃষ্ণনগর ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।