
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশিপুর গ্রামে কারিনা দাস নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের পাশাপাশি রহস্যও তৈরি হয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে শ্বশুরবাড়ি থেকে কারিনার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কারিনা সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের থ্রি-হুইলার চালক সঞ্জয় দাসের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে কাশিপুর গ্রামের সুজিত দাসের সাথে তার বিয়ে হয়।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। বিশেষ করে যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ির চাপ ছিল বলে দাবি স্বজনদের।
কারিনার মামা গৌর দাস বলেন, এ মৃত্যু স্বাভাবিক নয়; সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ জানান, হাসপাতালে আনার আগেই কারিনার মৃত্যু হয় এবং শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে স্বজন ও স্থানীয়দের দাবি, ঘটনার পূর্ণ তদন্ত করে সত্য উদঘাটন করা হোক।