
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালী বের হয়।
র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে হাসপাতাল চত্বরে চিকিৎসকেরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকে প্রতিদিন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সপ্তাহের প্রতি শনিবার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঘর-বাড়ি ও প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে এডিস মশার বংশবিস্তার রোধে আশপাশে কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডলসহ সকল কর্তব্যরত চিকিৎসকরা, সিনিয়র স্টাফ নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।