
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টায় কালিগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS) এর সহযোগিতায় স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)।
দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বাছাড়। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, আর ও ছিলেন সহকারী শিক্ষক তুহিন হুদা, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সহকারী শিক্ষক সাইদুর রহমান ও জিয়াউর রহমান। শিক্ষিকা শ্রাবণী মণ্ডল, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর আবু তাহের, সমন্বয়কারী শেখ পারভেজ ইসলাম, তন্ময় দাস, ফরহাদ ইসলাম, সাংবাদিক ফজলুল হক এবং সাইফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণদের মাঝে শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করা হয়।
সম্প্রীতি অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম পারভীন, দ্বিতীয় স্থান অর্জন করেছে নবম শ্রেণির ছাত্রী আসফি খাতুন এবং তৃতীয় স্থান লাভ করেছে সানজিদা আক্তার সুমা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।