• আজ- বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

কোন হুমকিতে ফুটবলের দুর্গ ভাঙা যাবে না- সাতক্ষীরা-৩ আসনে ফুটবল প্রতীকের প্রার্থী ডাঃ শহিদুল আলম

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কোন হুমকি, ধামকি কিংবা ভয় দেখিয়ে ফুটবল প্রতীকের অগ্রযাত্রা রোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ফুটবল প্রতীকের প্রার্থী ডাঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, দিন যতই যাচ্ছে কাজী আলাউদ্দিন দেউলিয়া হয়ে পায়ের নিচের মাটি হারাচ্ছেন। তাই ভয়ে আতঙ্কে ফুটবল সমর্থকদের হুমকি দিয়ে গ্রেফতারের ভয় দেখাচ্ছেন। কিন্তু জনগণ ইতোমধ্যে ফুটবল নিয়ে মাঠে নেমেছে, আর এই খেলায় শেষ পর্যন্ত জনগণই গোল দিয়ে বিজয় ছিনিয়ে নেবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরা-৩ আসনের (কালিগঞ্জ-আশাশুনি) কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের ফুটবল মাঠে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভায় ডাঃ শহিদুল আলম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একজন প্রার্থী নিজেকে উন্নয়নের রূপকার দাবি করলেও বাস্তবে তিনি মিথ্যাচারের উন্নয়ন করেছেন। বাঁশতলা ব্রিজ, কালিগঞ্জ ব্রিজসহ বিভিন্ন উন্নয়নের কৃতিত্ব নিজের বলে দাবি করছেন, যা সম্পূর্ণ অসত্য। আমি কাউকে সমালোচনা করতে চাই না। মানুষ নিজেরাই মূল্যায়ন করবেন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কেউ কেউ ভোট দিলে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন বলেন, ১৯৯৬ সালে আমি জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়ে কাকশিয়ালি সেতু তৎকালীন যোগাযোগ মন্ত্রী অলি আহমেদকে দিয়ে উদ্বোধন করাই। আর ২০১১ সালে বাঁশতলা ব্রিজ নির্মিত হয়। অথচ এসব উন্নয়ন নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এভাবে মিথ্যাচার করে ফুটবলপ্রেমীদের বিভ্রান্ত করা যাবে না। দল যত বহিষ্কার করবে, ফুটবলের পাল্লা তত ভারী হবে। জনসভায় বক্তারা সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠে ভোটকেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ফুটবল গরিব, অসহায় ও মেহনতি মানুষের প্রতীক। ফুটবল কোন ব্যক্তির নয়, এটি জনগণের প্রতীক—আজকের জনসভায় মানুষের উপস্থিতিই তার প্রমাণ।

তারালি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোনাজাত আলীর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা আব্দুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পটু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, তারালি ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বাবুল খান এবং আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুর এলাহী।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ