
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সৃষ্ট এই আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঘটনাটি ঘটে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী সেলিম হোসেন ও নৈশপ্রহরী শহীদুল ইসলাম খোকা মোবাইল ফোনে দ্রুত বাজারের ব্যবসায়ীদের খবর দেন।পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে চারটি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে রয়েছে একটি গার্মেন্টস, দুটি লেডিস টেইলার্স ও একটি মুদি দোকান।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময়ে সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, শতরূপা লেডিস টেইলার্সের মালিক চরদা গ্রামের লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম তার দোকানে থাকা সিট কাপড়, আসবাবপত্র ও টেইলার্স কাজে ব্যবহৃত অত্যাধুনিক ১০টি সেলাই মেশিন পুড়ে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে অপরূপা লেডিস টেইলার্সের মালিক মুকুন্দপুর এলাকার আশরাফ আলীর ছেলে মনিরুল ইসলাম বলেন, তার দোকানের সব মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তাহের স্টোর নামক মুদি দোকানের মালিক শীতলপুর এলাকার আবু তাহের জানান, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া আহছানিয়া গার্মেন্টসের মালিক মীর হাফিজুর রহমান জানান, তার বোরকা ও সিট কাপড়ের দোকানে থাকা যাবতীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে ঘটনার খবর পেয়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আহ্বান জানান।