
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শুরু হয়েছে আমের মৌসুম। এ মৌসুম উপলক্ষে গত ৫ মে আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুরু গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ স্থানীয় বাহারি জাতের আম সংগ্রহ। ফলে সাতক্ষীরার বাজারে এখন শুধু আম আর আম। আমে সয়লাব হয়ে আছে সাতক্ষীরার বাজার। স্থানীয় হাট হয়ে এসব আম চলে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়।
বুধবার (৬ মে) শহরের সুলতানপুর বাজারে দেখা যায়, পাইকারি দরে প্রতিমণ গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে ১২শ থেকে ১৫শ টাকায়। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৬শ থেকে ১৮শ টাকা। গোপালভোগ আমও বিক্রি হচ্ছে একই দামে।
এ বিষয়ে আম ব্যবসায়ী কবির হোসেন বলেন, এ বছর ফলন প্রচুর। বাজারে আমের জোগান অনেক। আমের দাম কম থাকলেও আমের ফলন বেশী হওয়ায় চাষীরা লাভবান হবেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, এ বছর আমের বাম্পার ফলন হয়েছে। ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগসহ স্থানীয় জাতের আম ভাঙা শুরু হয়েছে। ১৫ মে বাজারে আসবে হিমসাগর। জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেট্রিকটন। কোনো ব্যবসায়ী যেন আমে কেমিক্যাল দিয়ে বাজারজাত করতে না পারে সে বিষয়টিও নজরে রয়েছে বলে জানান তিনি।