
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহাসিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ পারুলিয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক এবং জনকল্যাণমুখী আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ও স্থানীয় রাজনীতির অন্যতম তুখোর নেতা চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি পারুলিয়া ইউনিয়নের সার্বিক অগ্রগতি ও সুশাসন প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
নজরুল ইসলাম মনে করেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামোগত নির্মাণে সীমাবদ্ধ থাকে না; বরং প্রশাসনিক স্বচ্ছতা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতি নির্মূলের মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। পারুলিয়া ইউনিয়ন পরিষদকে জনগণের প্রকৃত সেবা কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়েই তিনি মাঠে নেমেছেন।
স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে ইতোমধ্যে নজরুল ইসলাম সর্বস্তরের মানুষের আস্থাজনিত অবস্থান তৈরি করেছেন। তার মতে, পারুলিয়ার প্রতিটি গ্রামে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুস্থ ও অসহায় মানুষের অধিকার আদায়, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে কর্মসংস্থান ও ক্রীড়ামুখী করা এবং আধুনিক ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তার এই উদ্যোগে সমর্থন ব্যক্ত করছেন।
পারুলিয়া ইউনিয়নকে নিয়ে নিজের রাজনৈতিক ভাবনার কথা জানাতে গিয়ে নজরুল ইসলাম বলেন, সততা ও সচ্ছতাই রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত। কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি বা স্বজনপ্রীতির স্থান পারুলিয়ায় থাকবে না। ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজের হিসাব জনগণের সামনে উন্মুক্ত রাখা হবে, যাতে প্রতিটি নাগরিক তাদের প্রাপ্য সুবিধা কোনো হয়রানি ছাড়া পেতে পারেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলনীতিকে বুকে ধারণ করেই তিনি সাধারণ মানুষের কল্যাণে শেষ পর্যন্ত কাজ করে যেতে চান।
এলাকাবাসীর প্রত্যাশা, রাজপথের ত্যাগী ও পরীক্ষিত এই নেতার সুনির্দিষ্ট দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়িত হলে পারুলিয়া ইউনিয়ন খুলনা বিভাগের মধ্যে একটি দৃষ্টান্তমূলক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।