
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের প্রাণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষা এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সম্মুখ সড়কে সাতক্ষীরা সদর উপজেলা যুব পানি কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, হাজার কোটি টাকা ব্যয়ে খননের পরেও টিআরএম বাস্তবায়ন না হওয়ায় বেতনা ও মরিচ্চাপ নদী নাব্যতা হারিয়ে মৃতপ্রায়। নদী ভরাট হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা কৃষি, মৎস্য ও স্থানীয় জনজীবনকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।
বক্তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এবং পলি ব্যবস্থাপনার জন্য জোয়ারাধার বা টিআরএম পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নেই।
মানববন্ধনে উত্থাপিত ৩ দফা দাবি
অনতিবিলম্বে বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকায় টিআরএম বা জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়ন করা।
পোল্ডারের অভ্যন্তরে আবদ্ধ নদীগুলো উন্মুক্ত করে ইছামতি, মরিচ্চাপ ও বেতনা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা।
নদী ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কর্মকাণ্ডে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় জোরদার করা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এসব দাবি বাস্তবায়ন না করা হয়, তবে সাতক্ষীরা যুব পানি কমিটির পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড ঘেরাওসহ আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটকযশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুর রহমান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উত্তরণ, ভিবিডি ও বিডি ক্লিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।