• আজ- শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা লকডাউন ঘিরে খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তালায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কালিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনা রিপোর্টার্স ক্লাবের সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধু ধর্ষণ: সিভিল সার্জন অফিসের আশিক নেওয়াজের ভাগ্নে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার কালিগঞ্জে মা-মেয়ের চোখ মুখ বেঁধে ডাকাতি ৬ মাসে শ্যামনগরের হাবিবুল্লাহ সিন্ডিকেটের আয় ৩ কোটি টাকা অধিক

শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে এক সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় তিনি পাশের একটি মাছের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পেলেও, ক্ষুব্ধ নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালিয়ে স্ত্রী-সন্তানদের নির্যাতন করে এবং বৃদ্ধ বাবাকে পুলিশের হাতে তুলে দেয়।

 

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। ভুক্তভোগী বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি এবং সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। এছাড়া তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।

 

ভুক্তভোগী সাংবাদিক বিলাল হোসেন জানান, বুধবার গভীর রাতে তিনি নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তার বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করেন। ঘুম থেকে উঠে বাইরে এলে তাকে জানানো হয়, ধানের শীষ প্রার্থী বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের ভাই নূরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ শীর্ষ নেতারা সড়কে অপেক্ষা করছেন।

 

বিষয়টি জানতে বিলাল হোসেন ও তার বৃদ্ধ বাবা আক্তার মল্লিক সড়কে গেলে সেখানে ওই তিন নেতা ছাড়াও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, মমিনুর রহমান মমিন, আব্দুল্লাহ এবং সাবেক জাসাস নেতা আবু মুসা কাজলসহ আরও বেশ কয়েকজনকে দেখতে পান।

মব সৃষ্টি করে এই মাইক্রোবাস করে সাংবাদিক বিলাল হোসেনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে যুবদলের নেতৃবৃন্দ।

 

বিলাল হোসেনের অভিযোগ, সড়কে পৌঁছানো মাত্রই ওই নেতারা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে জোরপূর্বক সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন নেতাকর্মীরা। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে অপহরণকারীদের হাত থেকে ছিনিয়ে নেন। এ সময় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফেসবুক লাইভে আসেন তিনি এবং জীবন বাঁচাতে পাশের একটি ঘেরে পালিয়ে যান।

 

বিলাল হোসেনকে না পেয়ে ক্ষুব্ধ বিএনপি ও যুবদল নেতাকর্মীরা পুনরায় তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা উল্টো বিলালের বৃদ্ধ বাবা আক্তার মল্লিককে পুলিশের হাতে তুলে দেয়।

 

চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ অস্বীকার করে শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান দাবি করেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। এক সৈনিক লীগ নেতার মোবাইলে থাকা টেলিগ্রাম গ্রুপে বিলালের যুক্ত থাকার তথ্য পেয়ে তারা তাকে সতর্ক করতে গিয়েছিলেন। তাদের দাবি, বিলাল ফেসবুক লাইভে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন এবং তার বাবা পুলিশের গাড়িতে হামলা করায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বেলাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে তিনি পুলিশের একটি দল পাঠান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বেলাল সেখান থেকে চলে যান। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি শান্ত হয়।

 

বেলালের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে ওসি বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে তার নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন।

 

এদিকে, একজন পেশাদার সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর মধ্যরাতে এমন ন্যাক্কারজনক হামলা, চাঁদাবাজি ও অপহরণ চেষ্টার ঘটনায় শ্যামনগরসহ পুরো জেলার সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিজেদের পেশাগত দায়িত্ব পালন ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন স্থানীয় সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ