
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে অপহরনের পর মুক্তিপন দাবীর অভিযোগ দুই জনকে আটক করেছে পুলিশ । ওই সময় তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট , একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন,যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে সোহেল আহমেদ ও তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মইনুলের ছেলে মতিউর হোসেন মোরসালিন। এর মধ্যে সোহেল আহমেদ চাকুরিচ্যুত পুলিশ সদস্য ।
অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তালা উপজেলায় তেঁতুলিয়ায় বাজারে এঘটনা ঘটে ।
পুলিশ ও স্থানীরা জানায় , কাশেম সরদারের তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় সাইকেলের যন্ত্রাংশের একটি দোকান রয়েছে।
রোববার সন্ধ্যায় তিনি নিজের দোকানে কাজ করছিলেন । ওই সময় দুই ব্যক্তি সেখানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেম সরদারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাঁকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেন দুজন ।
এ ঘটনায় রাতেই কাশেম সরদারের স্ত্রী তাৎক্ষণিকভাবে তালা থানায় অভিযোগ করেন। একপর্যায়ে রাতেই অভিযুক্তদের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকা থেকে আটক করে পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে চাকুরিচ্যুত এক পুলিশ সদস্য সহ দুজনকে আটক করা হয়েছে । এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দ্বায়ের করে সোমবার ( ১৬ নভেম্বর ) সকালে আদালতে পাঠানো হয়েছে।