
নিজস্ব প্রতিনিধি: তাইয়ানয়ু লুফাঙ আন্তর্জাতিক ফুটবল কাপ-২০২৫ খেলতে অনুর্ধ-১৭ জাতীয় একাডেমিক ফুটবল দলের হেড কোচ হিসেবে ঢাকা ত্যাগ করেছেন সাতক্ষীরার কৃতসন্তান সাবেক ফুটবলার শেখ ইমাদুল হক খান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার ফ্লাইটে চায়না লিজিয়াং স্পোর্টস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্দেশ্যে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে গমন করেছেন।এসময় তার সাথে অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা ছিলেন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চায়নায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের অনুধ-১৭ জাতীয় একাডেমিক ফুটবল দল অংশগ্রহণ করবে।
অনুর্ধ-১৭ জাতীয় একাডেমিক ফুটবল দলের হেড কোচ শেখ ইমাদুল হক খান একাধারে এএফসি’র ‘এ’ লাইসেন্স ধারি কোচ, বর্তমানে যশোরের সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্বনামধন্য ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান শামস উল হুদা ফুটবল একাডেমীর কোচ,সাতক্ষীরা জেলাসহ বাংলাদেশ ফুটবলের অন্যতম ক্লাব মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, ঢাকা আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দলের সাবেক অধিনায়ক। তিনি জাতীয় দলের হয়ে সৌদি আরবে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ। তিনি সাতক্ষীরাবাসীসহ দেশবাসী ও তার বন্ধু-শুভাকাঙ্খী সকলের কাছে দোয়া চেয়েছেন।